স্বস্ত্রীক বেলুড় মঠ দর্শনে রাজ্যপাল আর এন রভি, কড়া নিরাপত্তায় ঘেরা মঠ প্রাঙ্গণ
বুধবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ স্বস্ত্রীক বেলুড় মঠে দর্শনে আসেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর এন রভি। তার আগমনকে কেন্দ্র করে মঠ চত্বরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা, পাশাপাশি জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরাও। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় র্যাফ বাহিনী।
বেলুড় মঠে পৌঁছে প্রথমে তিনি মূল মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দর্শন করেন। এরপর স্বামী বিবেকানন্দ ও মা সারদার মন্দিরেও প্রণাম জানান। ধর্মীয় আচার শেষে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মঠের পক্ষ থেকে পুজোর ফুল ও প্রসাদ গ্রহণ করেন।
প্রায় এক ঘণ্টা সময় বেলুড় মঠে কাটান রাজ্যপাল। তার এই সফরকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জারি ছিল।