সন্ত্রাস ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা, চাঞ্চল্য লাউদোহায়

May 23, 2026 - 08:28
 12
সন্ত্রাস ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা, চাঞ্চল্য লাউদোহায়

সন্ত্রাস, প্রতারণা ও প্রভাব খাটানোর অভিযোগে তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা এলাকায়। ধৃত ব্যক্তির নাম শেখ ওয়াসুল। তিনি রাঙামাটি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শেখ ওয়াসুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হত। পাশাপাশি ভয় দেখিয়ে প্রভাব বিস্তার এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

এছাড়াও বিধানসভা নির্বাচনের আবহে ভোটারদের প্রভাবিত করা, চাপ সৃষ্টি করা এবং নির্বাচনকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরির মতো অভিযোগও সামনে আসে। স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বলেও জানা গিয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন জেলায় তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক তৃণমূল নেতা ও নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ শেখ ওয়াসুলকে গ্রেপ্তার করে।

শুক্রবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। যদিও আদালতে নিয়ে যাওয়ার সময় শেখ ওয়াসুল দাবি করেন, ঠিক কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।