শান্তিনিকেতনের বসন্ত উৎসবে কৃতিত্ব সুন্দরবনের দুই পড়ুয়ার, সম্মানিত অনুষ্কা ও শিবম

Feb 25, 2026 - 09:58
 61
শান্তিনিকেতনের বসন্ত উৎসবে কৃতিত্ব সুন্দরবনের দুই পড়ুয়ার, সম্মানিত অনুষ্কা ও শিবম

রবীন্দ্রনাথ সামন্ত, কাকদ্বীপ : দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকা থেকে উঠে এসে বসন্ত উৎসবে কৃতিত্বের স্বাক্ষর রাখল দুই কৃতি পড়ুয়া। গত ২২ ফেব্রুয়ারি বোলপুরের শান্তিনিকেতনে আয়োজিত বসন্ত উৎসব ২০২৬-এ রবীন্দ্রনৃত্য পরিবেশন করে সকলের প্রশংসা কুড়িয়েছে অনুষ্কা গিরি ও শিবম দাস। অনুষ্ঠানটি যৌথ উদ্যোগে আয়োজন করে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। উৎসবে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সুন্দরবন থেকে কাকদ্বীপের ‘সুরতাল’ প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরাও গান, নাচ ও আবৃত্তিতে অংশ নেয়। প্রশিক্ষক মানস দেবনাথ জানান, তাঁদের কেন্দ্রের পড়ুয়ারা অত্যন্ত ভালো পরিবেশনা করেছে। নৃত্যে অনুষ্কা গিরি ও শিবম দাস বিশেষ কৃতিত্ব দেখায়। তবে অনুষ্কা ও শিবমের নৃত্য পরিবেশনা বিশেষভাবে সকলের নজর কেড়েছে। অনুষ্ঠানের শেষে তাঁদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুমিত বসু। সম্মান পেয়ে উচ্ছ্বসিত দুই পড়ুয়া ও তাঁদের পরিবার। আনন্দ প্রকাশ করেছেন প্রশিক্ষক মানস দেবনাথও। তিনি জানান, শিবম ছোটবেলা থেকেই নাচের তালিম নিচ্ছে। অনুষ্কা ও শিবম বর্তমানে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের দশম শ্রেণির ছাত্রছাত্রী। পড়াশোনার পাশাপাশি নাচেও তারা সমান দক্ষ। ভবিষ্যতে তারা আরও বড় মঞ্চে সাফল্য অর্জন করবে বলেই আশাবাদী তাঁদের প্রশিক্ষক।