রামনবমীতে পুজো ও জনসংযোগ, আসানসোলে 'রাম রাজ্য' প্রতিষ্ঠার ডাক অগ্নিমিত্রা পালের

Mar 29, 2026 - 07:52
 13
রামনবমীতে পুজো ও জনসংযোগ, আসানসোলে 'রাম রাজ্য' প্রতিষ্ঠার ডাক অগ্নিমিত্রা পালের

আসানসোল দক্ষিণ: রামনবমী উপলক্ষে আসানসোল দক্ষিণে পুজো দিয়ে জনসংযোগে নামলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলে সমর্থন আদায়ের পাশাপাশি 'রাম রাজ্য' প্রতিষ্ঠার বার্তা দেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, "ভগবান রাম কোনও নির্দিষ্ট নেতা বা রাজনৈতিক দলের নন, তিনি সকলের। দেশের প্রতিটি মানুষই জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে রাম রাজ্য প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে ভারত।” একইসঙ্গে তিনি পশ্চিমবঙ্গেও সেই লক্ষ্যেই কাজ করার কথা জানান।

তিনি অভিযোগ করেন, সংবিধান কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে বিশেষ সুবিধা দেওয়ার অনুমতি দেয় না। বর্তমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বলেও দাবি করেন তিনি এবং তার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান।

বিভিন্ন সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, কোথাও সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে, আবার কোথাও ধর্মীয় কারণে হামলার অভিযোগ উঠছে। এইসব ঘটনার বিরুদ্ধেই বিজেপি আওয়াজ তুলেছে বলে জানান তিনি।

এদিন তিনি হিন্দু সমাজের মানুষের কাছে আবেদন জানিয়ে বলেন, সামান্য আর্থিক প্রলোভনের বিনিময়ে নিজেদের ধর্মীয় মূল্যবোধ বিসর্জন না দেওয়ার আহ্বান জানান।

রামনবমীর এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক আবহও স্পষ্ট হয়ে ওঠে।