রাতের অন্ধকারে বেপরোয়া লরির দৌরাত্ম্য, বাড়ি ও দোকানে ঢুকে চাঞ্চল্য ধূপগুড়িতে
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে রাতের অন্ধকারে বেপরোয়া লরির দৌরাত্ম্যে আতঙ্ক ছড়াল। পৃথক দুটি ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই লরি বাড়ি ও দোকানের ভেতরে ঢুকে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই সাইকেল আরোহী।
প্রথম ঘটনাটি ঘটে ধূপগুড়ি শহর সংলগ্ন বামনী ব্রিজের কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে ৪৮ এলাকায়। রাত প্রায় এগারোটা নাগাদ গয়েরকাটা থেকে ধূপগুড়ির দিকে আসছিল একটি মালবোঝাই লরি। অভিযোগ, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দুই সাইকেল আরোহীকে ধাক্কা মেরে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে লরিটি। ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও বড়সড় প্রাণহানির খবর নেই।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল বাহিনী। আহত দুই সাইকেল আরোহীকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়-এর গেটের সামনে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে আরেকটি লরি। ঘটনায় দোকানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে রাস্তায় তার ছড়িয়ে পড়ে, ফলে সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। সকাল থেকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সংযোগ পুনরুদ্ধারের কাজে নেমেছেন।
এদিকে ধূপগুড়ি থানা-র পুলিশ দুটি গাড়ি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। পরপর দুটি ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।