রতুয়ায় জোটবদ্ধ প্রচারে আমজনতা উন্নয়ন পার্টি-মিম, তৃণমূল-বিজেপিকে নিশানা প্রার্থী রয়েল ইসলাম

Apr 2, 2026 - 10:31
 8
রতুয়ায় জোটবদ্ধ প্রচারে আমজনতা উন্নয়ন পার্টি-মিম, তৃণমূল-বিজেপিকে নিশানা প্রার্থী রয়েল ইসলাম

মালদা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রতুয়া কেন্দ্রে প্রচারের ময়দানে নেমে পড়েছে আমজনতা উন্নয়ন পার্টি। জোটসঙ্গী অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিন (মিম)-এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারে নেমে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে সরব হলেন দলের প্রার্থী রয়েল ইসলাম।

রতুয়া বিধানসভা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে রয়েল ইসলামের নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোরদার জনসংযোগ। রতুয়া ১ নম্বর ব্লকের মিম সভাপতি শেখ জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে দেবীপুর অঞ্চলের বাহিরকাপ এলাকায় প্রচার সারেন তিনি। কখনও পায়ে হেঁটে, কখনও টোটোতে চেপে এলাকায় ঘুরে চায়ের দোকান থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চান প্রার্থী।

জোট নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন তারা এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রার্থী রয়েল ইসলামের বক্তব্য, "আমরা জিতলে রতুয়ায় একাধিক উন্নয়নমূলক কাজ করব। দমকল কেন্দ্র গড়ে তোলা, সামসি রেলগেটে ওভারব্রিজ নির্মাণ এবং উন্নত মানের ইংলিশ মিডিয়াম স্কুল খোলা আমাদের অগ্রাধিকার।”

এছাড়াও, এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না পড়ে, সেই বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

ভোটের আগে রতুয়ায় এই জোটবদ্ধ প্রচার যে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করছে, তা বলাই বাহুল্য