মালদহে ছেলে ধরা সন্দেহে মহিলাকে আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

Mar 8, 2026 - 19:01
 8
মালদহে ছেলে ধরা সন্দেহে মহিলাকে আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

মালদহ জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবারের এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা ভরত মণ্ডলের ছোট শিশু কন্যা বাড়ির কাছেই একটি মন্দিরের সামনে খেলাধুলা করছিল। অভিযোগ, সেই সময় এক অজ্ঞাতপরিচয় মহিলা হঠাৎ করে শিশুটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়তেই দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং মহিলাটিকে আটক করেন।

এলাকাবাসীদের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ছেলে ধরা নিয়ে নানা খবর ও গুজব ছড়িয়ে পড়ায় তারা আগেই সতর্ক ছিলেন। তাই সন্দেহজনকভাবে শিশুটির কাছে যাওয়ায় মহিলাটিকে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মহিলাটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক মহিলার পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।