ভয়মুক্ত ও স্বচ্ছ ভোটে কড়া বার্তা নির্বাচন কমিশনের, সুন্দরবন পুলিশ জেলায় জোরদার প্রস্তুতি

Mar 22, 2026 - 19:28
 29
ভয়মুক্ত ও স্বচ্ছ ভোটে কড়া বার্তা নির্বাচন কমিশনের, সুন্দরবন পুলিশ জেলায় জোরদার প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। অতীত নির্বাচনের অভিজ্ঞতা মাথায় রেখে এবার ছয়টি মূল নীতিকে সামনে রেখে এগোচ্ছে প্রশাসন। সেই লক্ষ্যে সুন্দরবন পুলিশ জেলার প্রতিটি থানায় শুরু হয়েছে বিশেষ ব্রিফিং ও প্রস্তুতি বৈঠক।

                রবিবার কাকদ্বীপ থানায় এই উপলক্ষ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বজিৎ নস্কর এবং কাকদ্বীপ থানার আইসি অমিয় কুমার ঘোষ।

               এবিষয়ে পুলিশ সুপার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জেলার প্রতিটি থানার অফিসার ও পুলিশ বাহিনীকে ধাপে ধাপে প্রশিক্ষণ ও ব্রিফিং দেওয়া হচ্ছে। এবারের নির্বাচনে হিংসামুক্ত, ভীতিমুক্ত, প্রলোভনমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ছাপ্পা ভোট, বুথ জ্যামিং এবং ভোটারদের যাতায়াতে বাধা রোধে বিশেষ জোর দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের জেলার প্রতিটি স্তরের অফিসার ও ফোর্সকে ব্রিফ করা হচ্ছে। আমাদের প্রধান লক্ষ্য এমন পরিবেশ তৈরি করা, যাতে প্রত্যেক ভোটার কোনও ভয় বা বাধা ছাড়াই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

                 উল্লেখ্য, সুন্দরবন পুলিশ জেলার অধীনে মোট ১৩টি থানা রয়েছে। প্রতিটি থানায় এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হচ্ছে এবং এলাকা অনুযায়ী স্পর্শকাতর বুথগুলিতে বাড়তি নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের এই তৎপরতা ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তার পরিবেশ তৈরি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।