ভোরে বাসন্তীর চুনাখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছারখার পোল্ট্রি ফার্ম

Mar 24, 2026 - 09:28
 19
ভোরে বাসন্তীর চুনাখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছারখার পোল্ট্রি ফার্ম

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী-র চুনাখালী এলাকায় ভোরবেলা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল একটি পোল্ট্রি ফার্ম। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে হাজার হাজার মুরগির, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফার্মের মালিক অপূর্ব রায়।

জানা গিয়েছে, চুনাখালী পঞ্চায়েত সংলগ্ন অপূর্ব রায়ের বাড়ির পাশেই ছিল ওই পোল্ট্রি ফার্ম। রবিবার ভোরে হঠাৎই আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। চোখের সামনে ছটফট করতে করতে পুড়ে মারা যায় অসংখ্য মুরগি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হলেও আগুনের তীব্রতার কাছে তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গোটা পোল্ট্রি ফার্ম পুড়ে ছারখার হয়ে যায়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।