ভোটের আগে ভাঙরে বোমা আতঙ্ক, আইএসএফ কর্মীর বাড়ি থেকে ২৮টি তাজা বোমা ও বন্দুক উদ্ধার

Feb 25, 2026 - 20:25
Feb 25, 2026 - 20:26
 13
ভোটের আগে ভাঙরে বোমা আতঙ্ক, আইএসএফ কর্মীর বাড়ি থেকে ২৮টি তাজা বোমা ও বন্দুক উদ্ধার

বিধানসভা ভোটের আগে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙর। নতুন থানার উদ্বোধনের আগের রাতেই বিপুল পরিমাণ তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে বানিয়ারা গ্রামে অভিযান চালায় উত্তর কাশীপুর থানা-র পুলিশ। সেখানেই সামিম খাঁন নামে এক আইএসএফ কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২৮টি তাজা বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, বোমাগুলি সদ্য প্রস্তুত এবং অত্যন্ত শক্তিশালী।

ঘটনাকে কেন্দ্র করে গোটা ভাঙর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই বানিয়ারা গ্রাম ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে। চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

উল্লেখযোগ্য বিষয়, আগামীকাল উত্তর কাশীপুর থানাকে পুনর্গঠন করে বিজয়গঞ্জ বাজারে নতুন থানার ভবনের উদ্বোধন হওয়ার কথা। তার ঠিক আগের রাতেই এই বিপুল বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশের প্রাথমিক অনুমান, আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই বিস্ফোরক মজুত করা হয়ে থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার সঙ্গে যুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে।

এই ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভোটের আগে এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ভাঙরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এখন তদন্তে আর কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর সকলের।