বৌদি-ননদের লড়াইয়ে জমজমাট বাগদা, মুখোমুখি ঠাকুর পরিবারের দুই প্রার্থী
বাগদা: প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বাগদা বিধানসভা কেন্দ্রকে ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপির ঘোষিত তালিকায় এই কেন্দ্র থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পত্নী সোমা ঠাকুরের নাম সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এদিন সকালে বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা ঠাকুরবাড়িতে গিয়ে সোমা ঠাকুরকে সংবর্ধনা জানান।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের জ্যাঠতুতো বোন তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে।
ফলে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব এবার সরাসরি রাজনৈতিক ময়দানে রূপ নিল। ঠাকুরনগরের ঠাকুরবাড়িকে কেন্দ্র করে বহুদিনের টানাপোড়েন এবার 'বৌদি বনাম ননদ'-এর লড়াইয়ে পরিণত হয়েছে।
এই পরিস্থিতিতে বাগদা কেন্দ্রে ভোেট যে অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, জনতা জনার্দন শেষ পর্যন্ত কাকে বেছে নেয়-পুরনো মুখ, না কি নতুন সমীকরণ।