বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় চতুর্থ শ্রেণির পড়ুয়ার মৃত্যু, উত্তপ্ত নাদনঘাট

Apr 19, 2026 - 07:45
 28
বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় চতুর্থ শ্রেণির পড়ুয়ার মৃত্যু, উত্তপ্ত নাদনঘাট

পূর্ব বর্ধমান: শনিবার সকালে প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম রিজু ভৌমিক। বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত ভাতশালা এলাকায়।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সাইকেল নিয়ে টিউশন পড়তে গিয়েছিল রিজু। ফেরার পথে বন্ধুদের সঙ্গে বাড়ি আসার সময় একটি মাটি বোঝাই বেপরোয়া ট্রাক্টর পিছন থেকে ধাক্কা মারে। রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লাগে তার। দুর্ঘটনার পর ট্রাক্টরটি পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা চালককে আটক করেন।

গুরুতর জখম অবস্থায় রিজুকে দ্রুত কালনা মহকুমা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিচারের দাবিতে বিক্ষোভদেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিমবঙ্গ পুলিশ-এর বিশাল বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।