বীরভূমে ফের বোমা উদ্ধার, পাইকর থানার আমডোলে বালতি ভর্তি তাজা বোমা ঘিরে চাঞ্চল্য

Feb 25, 2026 - 09:06
 8
বীরভূমে ফের বোমা উদ্ধার, পাইকর থানার আমডোলে বালতি ভর্তি তাজা বোমা ঘিরে চাঞ্চল্য

বীরভূমে আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সীমান্ত সংলগ্ন এলাকায়। এবার আমডোল গ্রামে, পাইকর থানা এলাকার অন্তর্গত একটি ঝোপের ভিতর থেকে প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার স্থানীয় কয়েকজন বাসিন্দা বীরভূম–মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া এলাকায় একটি ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে পড়ে থাকা একটি প্লাস্টিকের বালতি দেখতে পান। কাছে গিয়ে দেখেন, তার ভিতরে রয়েছে একাধিক তাজা বোমা। সঙ্গে সঙ্গেই বিষয়টি জানানো হয় পাইকর থানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে বোমাগুলি উদ্ধার করে এলাকা ঘিরে ফেলা হয়। পরে বোম নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। মঙ্গলবার বিকেল নাগাদ বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি সংগ্রহ করে একটি ফাঁকা মাঠে নিয়ে যায় এবং সেখানেই সেগুলি নিষ্ক্রিয় করা হয়।

কে বা কারা ওই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল, তার পিছনে কী উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।