বাড়িতে বসেই নকল মদের কারবার! আবগারি দপ্তরের হানায় কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার ২
শিলিগুড়ি: শহরে ফের বড়সড় সাফল্য
পেল আবগারি দপ্তর। ভুয়ো বিদেশি মদ তৈরির একটি বড় চক্রের পর্দাফাঁস করে বিপুল পরিমাণ স্পিরিট ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে।
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রেগুলেটেড মার্কেট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৪০ থেকে ৫০ লিটার স্পিরিট এবং জাল মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় মিন্টু মাহাতো (২৬) ও টুনটুন কুমার (৪১)-কে। ধৃতদের মধ্যে একজন শিলিগুড়ির বাসিন্দা, অন্যজনের বাড়ি বিহারে।
ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডাকনিকাটা এলাকার একটি গুদামে হানা দিয়ে উদ্ধার করা হয় আরও প্রায় ১,৫০০ লিটার স্পিরিট, নকল লেবেল, হোলোগ্রাম, বোতলের ঢাকনা এবং বিপুল পরিমাণ খালি বোতল। অভিযোগ, এই সামগ্রী ব্যবহার করেই তৈরি করা হচ্ছিল ভুয়ো বিদেশি মদ।
আবগারি দপ্তরের অনুমান, বাজেয়াপ্ত সামগ্রীর বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ ৪০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই চক্রটি নকল মদ তৈরি করে তা বিহারে পাচার করত।
শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কাঁচামালের উৎস কোথায়, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দার্জিলিং জেলার আবগারি দপ্তর।