বারুইপুরে মাটির খুলি কারখানায় অভিযান, উদ্ধার ৩৪ ভিনরাজ্যের শিশু শ্রমিক

Feb 25, 2026 - 20:21
 8
বারুইপুরে মাটির খুলি কারখানায় অভিযান, উদ্ধার ৩৪ ভিনরাজ্যের শিশু শ্রমিক

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দুটি মাটির খুলি কারখানায় অভিযান চালিয়ে ৩৪ জন ভিনরাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানা-র অন্তর্গত হাড়দহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু এলাকায় দীর্ঘদিন ধরেই শিশুদের দিয়ে কাজ করানোর অভিযোগ উঠছিল। সেই খবরের ভিত্তিতেই বুধবার অভিযান চালায় রাজ্য শিশু সুরক্ষা দপ্তর।

অভিযানে সহায়তা করে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিশু সুরক্ষা দপ্তর, জেলা আইনি সহায়তা দপ্তর দক্ষিণ ২৪ পরগনা এবং বারুইপুর থানার পুলিশ। কারখানা থেকে শিশুদের উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। পরে তাঁদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সুরক্ষার ব্যবস্থা করা হয়।

শিশুশ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কারখানার মালিকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।