ফলতায় তৃণমূলের জামানত জব্দ, মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম

May 26, 2026 - 15:13
 5
ফলতায় তৃণমূলের জামানত জব্দ, মুসলিম ভোটব্যাঙ্কে থাবা বসিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম

সানওয়ার হোসেন, ফলতা : রাজ্য রাজনীতির চেনা সমীকরণ কার্যত ওলটপালট করে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তিনি পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে পরাজিত করে নজির গড়েছেন তিনি। ফল প্রকাশের পর থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস।

অন্যদিকে এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন মাত্র ৭ হাজার ৭৮৩টি ভোট। ফলে তাঁর জামানত জব্দ হয়েছে।

সবচেয়ে বড় চমক দিয়েছে সিপিএম। সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি ৪০ হাজার ৬৪৫টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা পেয়েছেন ১০ হাজার ৮৪টি ভোট এবং তৃতীয় স্থানে রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফলতার এই ফলাফল শুধু একটি নির্বাচনী জয় নয়, বরং রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। এই কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ মুসলিম এবং ৭০ শতাংশ হিন্দু ভোটার রয়েছেন। অতীতে সংখ্যালঘু ভোট মূলত তৃণমূলের দিকেই থাকত। কিন্তু এবারের ফলাফলে স্পষ্ট, মুসলিম ভোটের বড় অংশ সিপিএমের দিকে সরে গিয়েছে এবং হিন্দু ভোটের বড় অংশ একতরফাভাবে বিজেপির দিকে মেরুকৃত হয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর গত কয়েক সপ্তাহে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে বলেও দাবি রাজনৈতিক মহলের একাংশের। তারই প্রভাব ফলতার ভোটে পড়েছে বলে মত বিশ্লেষকদের।

ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, “১৫ বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন বাস্তব প্রকাশিত হল। বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্রে দেড় লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল।”

রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে পড়ায় সংখ্যালঘু ভোটের বড় অংশ এবার সিপিএমের দিকে গিয়েছে। যদিও অনেকের প্রশ্ন, তৃণমূল যদি শেষ মুহূর্তে সংগঠনগতভাবে ভেঙে না পড়ত, তাহলে মুসলিম ভোট এতটা একতরফাভাবে সিপিএমের দিকে যেত কি না।

             এদিকে ফলতার পুনর্নির্বাচনের ফলাফল আগামী দিনের বাংলা রাজনীতিতে নতুন সমীকরণের স্পষ্ট ইঙ্গিত দিল।

এক নজরে ফলতার নির্বাচনী পরিসংখ্যান:

মোট ভোটার: ২,৩৬,৬৬৭ জন

ভোটদানের হার: ৮৮ শতাংশ

বিজেপি — দেবাংশু পান্ডা: ১,৪৯,৬৬৬ ভোট (বিজয়ী)

সিপিএম — শম্ভুনাথ কুর্মি: ৪০,৬৪৫ ভোট (দ্বিতীয়)

কংগ্রেস — আব্দুর রাজ্জাক মোল্লা: ১০,০৮৪ ভোট (তৃতীয়)

তৃণমূল — জাহাঙ্গীর খান: ৭,৭৮৩ ভোট (জামানত জব্দ)

জয়ের ব্যবধান: ১,০৯,০২১ ভোট