আসানসোলে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশের কড়া অভিযান, আটক ৫
আসানসোলে অবৈধ পার্কিং ও জোর করে টাকা আদায়ের অভিযোগে ফের কড়া অভিযান চালাল পুলিশ। গির্জা মোড় থেকে কর্পোরেশন মোড় পর্যন্ত বিশেষ তল্লাশি চালিয়ে মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই পুলিশ প্রশাসনের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ বিভাগকে আইনের আওতায় থেকে এবং কোনও রাজনৈতিক চাপ ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপর থেকেই আসানসোল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে।
কয়েকদিন আগেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ আসানসোল বাজার থেকে ঊষাগ্রাম পর্যন্ত অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। সেই অভিযানের ধারাবাহিকতাতেই সোমবার গির্জা মোড় থেকে কর্পোরেশন মোড় পর্যন্ত আবারও বিশেষ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, অবৈধভাবে পার্কিং পরিচালনা এবং সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়ের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন আটক হওয়া পাঁচজনের মধ্যে অবৈধ পার্কিংয়ের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি এবং গির্জা মোড় বাসস্ট্যান্ড এলাকার তিন বাস কন্ডাক্টর রয়েছেন।
পুলিশের অনুমান, বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং ও অর্থ আদায় চক্রের বিষয়ে ধৃতদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।
ধারাবাহিক এই অভিযানের ফলে অবৈধ পার্কিংয়ের সঙ্গে যুক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তে আরও নাম উঠে এলে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নেওয়া হবে।