ব্যান্ডেলে মিনাক্ষী মুখার্জির মিছিল আটকানোকে ঘিরে উত্তেজনা

May 26, 2026 - 14:23
 6
ব্যান্ডেলে মিনাক্ষী মুখার্জির মিছিল আটকানোকে ঘিরে উত্তেজনা

হকার উচ্ছেদের প্রতিবাদে ব্যান্ডেল স্টেশনের সামনে সভা করল সিআইটিইউ। সেই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখার্জি। সভা শেষে মিছিলকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, রেলের পক্ষ থেকে যেসব এলাকায় হকার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, সেই এলাকা পর্যন্ত মিছিল করে যাওয়ার পরিকল্পনা ছিল মিনাক্ষী মুখার্জি সহ সিআইটিইউ সমর্থকদের। ব্যান্ডেল স্টেশন থেকে মিছিল শুরু হতেই আগে থেকে মোতায়েন থাকা পুলিশ বাহিনী তা আটকে দেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই মিছিলের কোনও অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই মিছিল এগোতে দেওয়া হয়নি বলে দাবি পুলিশের।

অন্যদিকে, সিআইটিইউ সমর্থকদের অভিযোগ, হকারদের জীবিকা রক্ষার দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হচ্ছিল। পুলিশ অযথা বাধা সৃষ্টি করেছে বলেও অভিযোগ ওঠে।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।