প্রয়াত অভিনেতা রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় অভিযোগ দায়ের
তালসারি, উড়িষ্যা: শুটিং করতে এসে উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকতে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর। এই ঘটনায় সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছেন পরিবার ও টলিউড মহল।
জানা গিয়েছে, কলকাতায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের পাশাপাশি রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর দ্বিতীয় দফায় শনিবার রাতে উড়িষ্যার তালসারি থানায় অভিযোগ জানাতে পৌঁছন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং যীশু সেনগুপ্ত। রাত প্রায় ১০টা ২০ মিনিট নাগাদ তাঁরা তালসারি থানায় পৌঁছন এবং প্রায় রাত ২টা পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
সূত্রের খবর, রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কলকাতার পর উড়িষ্যাতেও এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন,
"প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে আমরা বিকেলে কলকাতা থেকে রওনা দিয়ে রাতে তালসারিতে পৌঁছই। নিয়ম মেনে অভিযোগ জানাতে কিছুটা সময় লেগেছে। আমরা আশা করছি পুলিশ এই মৃত্যুর সঠিক তদন্ত করবে।”
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই টলিউড মহলে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জোরদার হচ্ছে।