প্রখ্যাত ব্যবসায়ীকে গুলি করে খুনের হুমকি! স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, চাঞ্চল্য ব্যারাকপুরে
ব্যারাকপুরে চাঞ্চল্যকর অভিযোগ। ব্যারাকপুর ও মধ্যমগ্রামের পরিচিত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁরই স্ত্রীর বিরুদ্ধে। খুন হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি মোহনপুর থানা-য় নিজের স্ত্রী শ্রমনা দাস এবং ব্যক্তিগত গাড়িচালক সমীর সেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল অনির্বাণ ও শ্রমনার মধ্যে। ব্যবসায়ীর দাবি, সেই বিবাদের জেরেই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। অনির্বাণের অভিযোগ, তাঁরই ড্রাইভার সমীর সেনের সঙ্গে ফোনে কথোপকথনের মাধ্যমে খুনের ছক কষা হচ্ছিল। সেই সংক্রান্ত অডিও ও ভিডিও প্রমাণ তাঁর হাতে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন অনির্বাণ ও তাঁর পরিবার। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগে উল্লেখ করা অডিও-ভিডিও ফুটেজ পরীক্ষা করা হতে পারে বলে সূত্রের খবর।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের পরই পুরো ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ।