পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে চাঞ্চল্য, উদ্বেগ প্রকাশ করলেন সিভি আনন্দ বোস
স্টাফ রিপোর্টার ঃ পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সিভি আনন্দ বোস। শনিবার সকালে হাওড়া স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে চড়ে আলীগড়-এর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
রাজ্যপাল বলেন, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্যতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি বলে তিনি মনে করেন। তাঁর কথায়, “তদন্তকারী সংস্থার উচিত পূর্ণাঙ্গ তদন্ত করা, যাতে কীভাবে এই মৃত্যু হল, তার প্রকৃত কারণ সামনে আসে।”
উল্লেখ্য, মৃত শ্রমিক পুরুলিয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে তাঁর মৃত্যুর খবর ছড়াতেই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যপালের বক্তব্যের পর বিষয়টি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা আরও জোরদার হয়েছে।