নয়াদিল্লির সংসদ ভবনের বাইরে রান্নার গ্যাস ইস্যুতে তৃণমূল মহিলা সাংসদদের বিক্ষোভ

Mar 14, 2026 - 09:28
 8
নয়াদিল্লির সংসদ ভবনের বাইরে রান্নার গ্যাস ইস্যুতে তৃণমূল মহিলা সাংসদদের বিক্ষোভ

নয়াদিল্লির সংসদ ভবনের বাইরে রান্নার গ্যাস সরবরাহ নিয়ে কেন্দ্রের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মহিলা সাংসদেরা। শুক্রবার সকালে লোকসভা চত্বরের বাইরে প্ল্যাকার্ড হাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন তাঁরা।

বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মিতালী বাগ, জুন মালিয়া, দোলা সেন, শতাব্দী রায় ও মালা রায়-সহ দলের একাধিক মহিলা সাংসদ। রান্নার গ্যাস সরবরাহ নিয়ে কেন্দ্র যা দাবি করছে, বাস্তবে তার সঙ্গে কোনও মিল নেই বলেই অভিযোগ তাঁদের।

তৃণমূলের দাবি, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক দু’দিন আগেই জানিয়েছিল বুকিংয়ের পর আড়াই দিনের মধ্যেই গ্রাহকের কাছে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনও পরিবর্তন করা হয়নি। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ সেই সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ তৃণমূলের।

সাংসদদের দাবি, বহু ক্ষেত্রে বুকিং করার পরও আট থেকে দশ দিন পেরিয়ে গেলেও গ্যাস সিলিন্ডার হাতে পাচ্ছেন না সাধারণ মানুষ। এই সমস্যার প্রতিবাদেই সংসদ ভবনের বাইরে বিক্ষোভে সামিল হন তৃণমূলের মহিলা সাংসদেরা। কেন্দ্রের বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাক রয়েছে বলেও দাবি করেন তাঁরা।