নিঃশ্বাস ত্যাগ করলেন রাজনীতিবিদ শেখ রওসন আলি

Feb 10, 2026 - 09:03
 11
নিঃশ্বাস ত্যাগ করলেন রাজনীতিবিদ শেখ রওসন আলি

রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা : সোমবার প্রয়াত হলেন পাথরপ্রতিমার দূর্বাচটি গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবী শেখ রওসন আলি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। এক সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়ে ছিলেন। চিকিৎসা চলাকালীন তিনি মারা প্রয়াত হন। তবে অসুস্থ হওয়ার আগে পর্যন্ত তিনি হাঁটাচলা করতে পারতেন। প্রয়াত নেতার বাড়িতে এদিন উপস্থিত হয়ে সমবেদনা জানিয়েছেন দূর্বাচটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং কংগ্রেস নেতা সুকদেব বেরা। এছাড়াও বর্তমান গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস কুমার শাসমল, পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভূমি কর্মাধ্যক্ষ দুঃখীশ্যাম গিরি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গৌতম আড়ি, তৃণমূলের অঞ্চল সভাপতি পশুপতি মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৮ বছর আগে তাঁর স্ত্রী মারা যান। বর্তমানে তাঁর তিন ছেলে, বৌমা, নাতি নাতিনীরা রয়েছেন। পারিবারিক কবরস্থানে প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন করা হয়। ১৯২২ সালে পাথরপ্রতিমার দূর্বাচটি গ্রামে শেখ রওসন আলী জন্মগ্রহণ করেন। তখনকার দিনে তিনি সেন্টার পাশ করেন। ১৯৬০ সালের দিকে জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে সক্রিয় ভাবে রাজনীতি করেন। এমনকি জি-প্লট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর গ্রামের লাট পত্তনের সময় জঙ্গল কাটাইয়েও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি। ১৯৭৮ সালে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দুর্বাচটি গ্রামের ৭২১ নম্বর কৃষ্ণপুর দুর্বাচটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের গোড়া পত্তনকারী ছিলেন রওসন বাবু। ২০১১ সালে দূর্বাচটি জুনিয়র হাই স্কুল নির্মাণের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি। এছাড়াও গ্রামের বিচার ব্যবস্থায়ও তাঁর বিশেষ ভূমিকা ছিল। রওসন বাবুর মৃত্যুতে এক রাজনৈতিক ব্যক্তিত্বের অবসান হল। এক প্রিয় নেতৃত্বকে হারালাম বলে জানিয়েছেন দূর্বাচটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও কংগ্রেস নেতা সুকদেব বেরা।