বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে অস্ত্রোপচার হর্ষিতের
বিশ্বকাপে খেলা হচ্ছে না। চোটের জন্য একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন হর্ষিত রানা। শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হল ভারতের তারকা পেসারকে।নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রোটিয়া ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন হর্ষিত। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন হর্ষিত। তারপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তিনি। গোড়ালির চোটের জন্য ছিটকে যান। হর্ষিতের বদলে দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে।কেমন আছেন হর্ষিত? ইনস্টাগ্রামে সেই আপডেট জানালেন তারকা পেসার। তিনি লিখেছেন, ‘অস্ত্রোপচার সফল। এবার রিকভারির দিকে নজর। তারপর যেটা ভালোবাসি সেটাতে ফেরার প্রস্তুতি নিতে হবে।’ অর্থাৎ ক্রিকেটে ফেরার প্রস্তুতি নেবেন। সঙ্গে নিজের একটি ছবি দিয়েছেন। যেখানে ‘থাম্বস আপ’ করে বুঝিয়ে দিচ্ছেন, সব ঠিক আছে। বিশ্বকাপ শেষ হলেই আইপিএল। সেখানে কি খেলতে পারবেন নাইট পেসার? তার উত্তর এখনও মেলেনি। তবে কেকেআর থেকেও সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘তাড়াতাড়ি ফিট হও। আমরা তোমার অপেক্ষায় আছি।’