দোতলা বাড়িতে চকলেট বোমার কারখানা, ১০০ কেজি বাজি উদ্ধার, গ্রেপ্তার মালিক

Mar 27, 2026 - 10:31
 21
দোতলা বাড়িতে চকলেট বোমার কারখানা, ১০০ কেজি বাজি উদ্ধার, গ্রেপ্তার মালিক

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটিতে দোতলা বাড়ি থেকে বিপুল পরিমাণ চকলেট বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি বাজি বাজেয়াপ্ত করা হয় এবং গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক মহেন্দ্র সর্দারকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চম্পাহাটি সোলগোয়ালিয়া অঞ্চলের একটি দোতলা বাড়িতে দীর্ঘদিন ধরেই চলছিল বেআইনি বাজি তৈরির কারখানা। বাইরে থেকে সাধারণ বাড়ি মনে হলেও, ভেতরে চলছিল চকলেট বোমা তৈরির কাজ। দোতলায় হানা দিয়ে পুলিশ দেখতে পায় বস্তায় ভরা সারি সারি চকলেট বোমা এবং বিপুল পরিমাণ তৈরির সরঞ্জাম।

অভিযুক্ত মহেন্দ্র সর্দার

পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, এগুলি পুজোর সময় বিক্রির জন্য তৈরি করা হচ্ছিল। তবে পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই কারখানা চালানো হচ্ছিল এবং বিভিন্ন উৎসবে এই বোমা সরবরাহ করা হত।

অভিযুক্তকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।