দু'মাসের বকেয়া বেতনকে কেন্দ্র করে নৈহাটি পুরসভার সামনে বিক্ষোভআরবান কর্মীদের
চলতি দু'মাসের বকেয়া বেতন, ইএসআই ও প্রভিডেন্ট ফান্ডের দাবিতে নৈহাটি পুরসভার সামনে বিক্ষোভে সামিল হলেন সাফাই ও আরবান কর্মীরা। দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যার অভিযোগ তুলে এদিন একজোট হয়ে কাজ বন্ধ রেখে পুরসভার মূল গেটের সামনে অবস্থান ও বিক্ষোভ দেখান কর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়মিতভাবে সময়মতো বেতন দেওয়া হয় না। পাশাপাশি এখনও পর্যন্ত বহু কর্মীর ইএসআই ও প্রভিডেন্ট ফান্ডের কোনও ব্যবস্থা করা হয়নি। ফলে চরম আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
এদিন পুরসভার গেটের সামনে জড়ো হয়ে কর্মীরা স্লোগান দিতে থাকেন এবং দ্রুত বকেয়া বেতন মেটানোর দাবি জানান। তাঁদের বক্তব্য, প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন প্রদান এবং ইএসআই ও প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে।
দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভের জেরে পুরসভা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও নৈহাটি থানার পুলিশ। পরে প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।