ঘাটালে তৃণমূল সদস্যের ব্যক্তিগত গোডাউন থেকে উদ্ধার বন্যার ত্রাণ সামগ্রী, উত্তেজনা মনসুকায়
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ব্যক্তিগত গোডাউন থেকে বিপুল পরিমাণ বন্যা ত্রাণ সামগ্রী উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাকে ঘিরে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা।
অভিযোগ, মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রামপাল বন্যার সময় সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী নিজের ব্যক্তিগত গোডাউনে মজুত করে রেখেছিলেন। স্থানীয়দের দাবি, বন্যার সময় বহু দুর্গত মানুষ প্রয়োজনীয় ত্রাণ থেকে বঞ্চিত হয়েছিলেন। অথচ সেই সময় সরকারি ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী ব্যক্তিগতভাবে গচ্ছিত রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
গোডাউন থেকে ত্রিপল ও অন্যান্য বন্যা ত্রাণ সামগ্রী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শীতল কপাট এবং ঘাটাল থানা-র পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে।
অভিযুক্ত তৃণমূল সদস্য রামপালের দাবি, অঞ্চল কমিটির নির্দেশেই তিনি ওই ত্রাণ সামগ্রী নিজের গোডাউনে রেখেছিলেন। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরে রামপালকে আটক করে ঘাটাল থানা-য় নিয়ে যাওয়া হয়।