দুর্গাপুরে বাস থেকে তোলা আদায়কে কেন্দ্র করে উত্তেজনা, আটক ২
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর-এর সিটি সেন্টার এলাকায় বাস থেকে তোলা আদায়কে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। অভিযোগ, বহরমপুর-চিত্তরঞ্জন রুটের একটি বাস সিটি সেন্টার বাসস্ট্যান্ডে পৌঁছতেই বাস কর্মীদের কাছে টাকা দাবি করা হয়। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় বাস কর্মী রাহুল ধীবরকে মারধর করা হয় এবং তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ বাস কর্মচারীরা ডিএমসি মোড়ে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং যান চলাচলেও প্রভাব পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিটি সেন্টার ফাঁড়ি-র পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে।
আক্রান্ত বাস কর্মী রাহুল ধীবরের অভিযোগ, "টাইম কিপার ছিল। চাঁদা চাইছিল। টাকা না দেওয়ায় আমাকে মারধর করা হয়।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।