দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে শওকত মোল্লাকে নিয়ে তীব্র আক্রমণ, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি

Mar 14, 2026 - 09:21
 6
দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে শওকত মোল্লাকে নিয়ে তীব্র আক্রমণ, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি

দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে রাজনৈতিক তরজা তীব্র আকার নিয়েছে। ভাঙর ১ নম্বর ব্লকের জাউলগাছি এলাকায় কর্মীসভায় উপস্থিত হয়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন।

নওশাদ সিদ্দিকীর দাবি, শওকত মোল্লা দায়িত্বে আসার পর থেকেই ক্যানিং এলাকায় বোমা ও গুলি উদ্ধারের ঘটনা বেড়েছে। পাশাপাশি খুন ও হিংসার ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, আইএসএফ কর্মীদের লক্ষ্য করে বাড়িতে বোমা ও বন্দুক ঢুকিয়ে দিয়ে হিংসার রাজনীতি করা হচ্ছে।

এদিকে সভা মঞ্চ থেকে ত্বহা সিদ্দিকীও শওকত মোল্লাকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি শওকত মোল্লাকে ‘পাগল’ বলে সম্বোধন করে দাবি করেন, ভাঙর-ক্যানিং এলাকার মানুষ শওকত মোল্লার জন্য ‘লঙ্কা বেটে’ রেখে দিয়েছে। সভা মঞ্চ থেকে আরও একাধিক বিতর্কিত মন্তব্যও করতে শোনা যায় তাঁকে।

অন্যদিকে ত্বহা সিদ্দিকীর বক্তব্য নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও নওশাদ সিদ্দিকীর অভিযোগের জবাব দিয়েছেন শওকত মোল্লা। তিনি দাবি করেন, তাঁর দায়িত্বে আসার পর থেকেই এলাকায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। শওকত মোল্লার কথায়, তাঁর আগে এলাকায় এক ধরনের ‘রাম রাজত্ব’ চলত। একই সঙ্গে আইএসএফ-এর বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগও তোলেন তিনি। এমনকি পুলিশকেও অপহরণের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন।

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষই এর যোগ্য জবাব দেবে বলেও মন্তব্য করেন শওকত মোল্লা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভাঙর এলাকায় অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।