দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সাপের কামড়ে হাসপাতালে যাওয়ার পথে বাইক দুর্ঘটনা, গুরুতর কৃষক

Mar 14, 2026 - 09:23
 21
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সাপের কামড়ে হাসপাতালে যাওয়ার পথে বাইক দুর্ঘটনা, গুরুতর কৃষক

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একের পর এক বিপদের মুখে পড়লেন এক কৃষক। সাপের কামড়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তিনি। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই ব্যক্তি।

জানা গেছে, বারুইপুর থানার অন্তর্গত রামনগরের সরদারপাড়া এলাকার বাসিন্দা বিকাশ মণ্ডল। পেশায় তিনি একজন কৃষক। মঙ্গলবার রাতে মাঠ থেকে বাড়ি ফেরার সময় আচমকাই তাঁর পায়ে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়। পরিস্থিতি বুঝে দ্রুত গামছা দিয়ে ক্ষতস্থানের উপরে শক্ত করে বেঁধে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি।

পরিবারের সদস্যরা তড়িঘড়ি বিকাশ মণ্ডলকে বাইকে বসিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় আট থেকে দশ কিলোমিটার পথ যাওয়ার পরই বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান বিকাশ মণ্ডল।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা শুরু করেন। সাপে কামড়ানোর প্রতিষেধক হিসেবে তাঁকে দ্রুত এভিএস-এর ২০ ভায়াল দেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের সিসিইউ বিভাগে স্থানান্তর করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানান, দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ প্রতিষেধক দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারেন রোগী। পাশাপাশি তিনি সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে সাপের উপদ্রবও বাড়ে। সাপ কামড়ালে সময় নষ্ট না করে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে গেলে বিপদের ঝুঁকি অনেকটাই কমে যায়।