ট্রেনেই ভোটের লড়াই! ক্যানিং লাইনে প্রচারে নজর কাড়লেন বিজেপি প্রার্থী প্রশান্ত বায়েন
ক্যানিং:
নির্বাচনী প্রচারে অভিনবত্বের ছোঁয়া-ট্রেনের কামরাকেই মঞ্চ করে প্রচারে নেমে চর্চার কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রশান্ত বায়েন।
ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই শিয়ালদা-ক্যানিং লোকাল ট্রেনে চেপে একাধিক স্টেশন ঘুরে প্রচার চালাতে দেখা যায় তাঁকে। ট্রেনের মধ্যেই সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলা, তাঁদের সমস্যা শোনা এবং সহজভাবে জনসংযোগ গড়ে তোলার চেষ্টা করেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই একই কৌশলে প্রচার চালিয়ে নজর কাড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রাম। তাঁর সেই উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলেছিল যাত্রীদের মধ্যে।
এবার সেই পথেই হেঁটে বিজেপি প্রার্থীও ট্রেনকেই বেছে নিলেন জনসংযোগের মাধ্যম হিসেবে। যাত্রীদের সঙ্গে হাসি-ঠাট্টা, আলাপচারিতার মধ্য দিয়ে প্রচারকে আরও সহজ ও প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, এই ধরনের অভিনব প্রচার কৌশল সরাসরি ভোটারদের কাছে পৌঁছানোর নতুন দিশা দেখাচ্ছে। এখন দেখার, এই 'ট্রেন-প্রচার' ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।