জ্বালানির দামে স্বস্তি, পেট্রল-ডিজেলে আবগারি শুল্ক বড়সড় কমাল কেন্দ্র
নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়লেও পেট্রল-ডিজেলের দামে আপাতত স্বস্তি মিলল সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের ওপর অতিরিক্ত আবগারি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, পেট্রল ও ডিজেল-দুই ক্ষেত্রেই লিটার প্রতি ১০ টাকা করে অতিরিক্ত আবগারি শুল্ক কমানো হয়েছে। এতদিন পেট্রলের ওপর লিটার প্রতি ১৩ টাকা অতিরিক্ত শুল্ক দিতে হত, যা কমে দাঁড়াল ৩ টাকায়। অন্যদিকে, ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ১০ টাকা অতিরিক্ত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, ফলে ডিজেলে অতিরিক্ত আবগারি শুল্ক এখন শূন্য।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ওঠানামার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে সাধারণ মানুষের ওপর চাপ কমাতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।
তবে এখনও পর্যন্ত পেট্রল-ডিজেলের খুচরো দামে কোনও বৃদ্ধি করা হয়নি বলে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে পরিবহণ খরচ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের ওপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।