গোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভির ধাক্কা, মৃত্যু তরুণীর,গুরুতর জখম তাঁর সঙ্গী

Apr 8, 2026 - 13:43
 7
গোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভির ধাক্কা, মৃত্যু তরুণীর,গুরুতর জখম তাঁর সঙ্গী

গোয়ায় এসইউভির ধাক্কায় মৃত্যু হল এক তরুণীর। গুরুতর জখম তাঁর সঙ্গী। মৃতার নাম দীক্ষা পারওয়ারকর।পুলিশ সূত্রে খবর, দীক্ষা এবং তার বন্ধু একটি বিলাসবহুল হোটেলের কর্মী। রবিবার রাতে কাজ সেরে তাঁরা দু’জনে একটি বাইকে করে ফিরছিলেন। সেই সময় বাম্বোলিম-ডোনা পাওলা রোডে একটি এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে। দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দীক্ষাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম দারিয়াস দিয়াস। তিনি গোয়ার এক জন বড় ব্যবসায়ী অ্যান্ড্রু দিয়াসের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিলাসবহুল ওই গাড়িটি চালাচ্ছিলেন বছর একুশের তরুণ। গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল। সেই সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইককে ধাক্কা মারে। সেই ঘটনায় দীক্ষার মৃত্যু হয়েছে। স্থানীয়েরাই দু’জনকে হাসপাতালে নিয়ে যান। গাড়িচালক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ ধারায় মামলা রুজু হয়েছে। গোয়ার স্থানীয় সংবাদপত্র ‘ও হেরাল্ডো’-র প্রতিবেদন অনুযায়ী, মৃতার পরিবার এই ঘটনার তদন্তে স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছে।