ঘাটালে ভোটার তালিকা থেকে নাম বাদ, তৃণমূল প্রার্থীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ

Mar 31, 2026 - 08:15
 7
ঘাটালে ভোটার তালিকা থেকে নাম বাদ, তৃণমূল প্রার্থীকে দেখে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভায় ভোটার তালিকা নিয়ে উদ্বেগের ছবি সামনে এল। ঘাটালের ইরপালা অঞ্চলের জয়বাগ গ্রামে ৮০ বছরের এক বৃদ্ধের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোকুল ঘোরই নামে ওই বৃদ্ধের নাম এসআইআর প্রক্রিয়ার জেরে তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় ছিলেন।

এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী সর্দার এলাকায় প্রচারে গেলে তাঁকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ। প্রার্থীর সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং নিজের সমস্যার কথা জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ভোটের আগে এই ধরনের নাম বাদ পড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে বলে মত স্থানীয়দের।

প্রার্থী শ্যামলী সর্দার আশ্বাস দিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।