কেকেআরের বোলিং কোচ চেন্নাইয়ের অনুষ্ঠানে, ব্র্যাভোর উপরে ক্ষিপ্ত সমর্থকেরা

Mar 23, 2026 - 09:27
 16
কেকেআরের বোলিং কোচ চেন্নাইয়ের অনুষ্ঠানে, ব্র্যাভোর উপরে ক্ষিপ্ত সমর্থকেরা

অতীতে তিনি দীর্ঘ দিন চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন। এখন তিনি কলকাতার বোলিং কোচ। সেই ডোয়েন ব্র্যাভো রবিবার আচমকাই হাজির হলেন চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে। পরলেন হলুদ জার্সি। ব্র্যাভোর এই জার্সিবদলে ক্ষুব্ধ কেকেআর সমর্থকেরা।রবিবার সকালেই ব্র্যাভোর ছবি পোস্ট করে চেন্নাই। সেখানে দেখা যায়, ‘হুইসল পোড়ু’ লেখার সামনে দাঁড়িয়ে তিনি ছবি তুলছেন। পরে একটি ভিডিয়োয় অম্বাতি রায়ডুকে দেখা গিয়েছে একটি দরজায় আঘাত করতে। আচমকাই সেই ঘর থেকে বেরিয়ে আসেন ব্র্যাভো। চেন্নাইয়ের দুই প্রাক্তন ক্রিকেটারকে খুনসুটি করতে দেখা যায়। একে অপরের খোঁজও নিয়েছেন।কেকেআরের সমর্থকেরা এই দৃশ্যে ক্ষিপ্ত। তাঁদের দাবি, এক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও কেন অন্য দলের অনুষ্ঠানে যাবেন ব্র্যাভো। কেউ কেউ বলেন, কলকাতা থেকে ‘ব্র্যাভো’কে অপহরণ করেছে চেন্নাই। কেউ কেউ ব্র্যাভোকে ‘চেন্নাইয়ের গুপ্তচর’ বলেও দাগিয়ে দেন।সমর্থকদের জন্য এ দিন একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল চেন্নাই। প্রাক্তন ক্রিকেটারেরা বর্তমানদের সঙ্গে একটি মজার ক্রিকেট ম্যাচে অংশ নেন। ম্যাথু হেডেন, মাইক হাসি, ব্র্যাভো, মুথাইয়া মুরলীধরন, মুরলী বিজয়, পার্থিব পটেল, সুব্রহ্মনিয়ম বদ্রীনাথ, সুরেশ রায়নাকে খেলতে দেখা গিয়েছে। এক সময় সকলেই ধোনির অধীনে খেলেছেন। তাঁদের সঙ্গে মজা করেছেন ধোনি। উইকেটরক্ষা করেছেন ৪৪ বছরের ক্রিকেটার। সকলের মুখে ছিল মাইক্রোফোন। ফলে কথাবার্তা থেকে খুনসুটি, সবই শোনা গিয়েছে স্টেডিয়ামের স্পিকারে। সবচেয়ে আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয় ধোনি মাঠে ঢোকার সময়। গোটা স্টেডিয়াম ‘ধোনি, ধোনি’ এবং ‘সিএসকে, সিএসকে’ চিৎকারে মুখরিত হয়ে ওঠে।