কবে ভিজবে কলকাতা? চার জেলায় হলুদ সতর্কতা, দক্ষিণ-উত্তর জুড়েই বৃষ্টির ইঙ্গিত
চলতি সপ্তাহেই ভিজতে পারে কলকাতা। আবহাওয়ার হঠাৎ পালাবদলে শহর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। একই রকম আবহাওয়ার ইঙ্গিত রয়েছে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। সোমবার থেকেই বাঁকুড়া জেলায় বৃষ্টি শুরু হতে পারে বলে জানা গিয়েছে।
এদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবেই এই পরিবর্তন। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সেখানে কোনও সতর্কতা জারি করা হয়নি।
এদিকে বসন্তের শুরুতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১.২ ডিগ্রি। আগামী সপ্তাহে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত মিলেছে।