উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ধর্ম মহামেলাকে ঘিরে হয়রানির অভিযোগ, সরব মমতা ঠাকুর
উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরে শুরু হয়েছে মতুয়া ধর্ম মহামেলা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা এই মহামেলায় যোগ দিতে আসছেন। তবে মেলায় আসার পথে ট্রেনে ওঠার সময় মতুয়াদের হয়রানি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। এ নিয়ে কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার মমতা ঠাকুর দাবি করেন, মহারাষ্ট্রের নাগপুর সহ দেশের বিভিন্ন জায়গায় মতুয়া ভক্তদের ট্রেনে ওঠার সময় হয়রানির মুখে পড়তে হয়েছে। তাঁর অভিযোগ, মতুয়াদের ঠাকুরনগরের মহামেলায় আসার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই ট্রেনে ওঠার সময়ই বিভিন্ন জায়গায় ভক্তদের হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন, বহু বছর ধরে মতুয়া ভক্তরা এই মহামেলায় যোগ দিতে আসেন, কিন্তু এর আগে কখনও এই ধরনের সমস্যার মুখে পড়তে হয়নি। এই ঘটনায় তিনি তীব্র ধিক্কার জানান এবং বিষয়টি নিয়ে রেলমন্ত্রীর কাছে জবাব চাওয়ার কথাও জানান।
অন্যদিকে সুব্রত ঠাকুরের কাছেও এক মতুয়া গোসাঁই অভিযোগ করেন, তাদের দল ঠাকুরনগরে আসার পথে ডানকুনি স্টেশনে টিটিই তাদের দলপতিকে আটকায়। পরে জিআরপি এসে কিছুক্ষণ তাদের আটকে রাখে বলেও অভিযোগ করা হয়েছে।
এই প্রসঙ্গে সুব্রত ঠাকুর বলেন, এত বড় মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন, ফলে কোথাও কোথাও কিছু অসুবিধা হতে পারে। তবে কোনও সমস্যা হলে আলোচনার মাধ্যমে তার সমাধান করা উচিত বলেও তিনি জানান।