সিমলনে মোদির সভা ঘিরে জোর প্রস্তুতি, সম্পন্ন হেলিকপ্টারের ট্রায়াল রান

Apr 11, 2026 - 16:38
 5
সিমলনে মোদির সভা ঘিরে জোর প্রস্তুতি, সম্পন্ন হেলিকপ্টারের ট্রায়াল রান

পূর্ব বর্ধমানের কালনা থানার সিমলন এলাকায় শনিবার জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভাকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে।

শুক্রবার দিনভর সভাস্থলে মঞ্চ নির্মাণ, দর্শকাসন তৈরি এবং ব্যারিকেডিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে কড়া। গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বসানো হয়েছে একাধিক চেকপোস্ট, চলছে নজরদারি।

এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রীর বিশেষ হেলিকপ্টারের ট্রায়াল রানও সম্পন্ন হয়। পরিকল্পনা অনুযায়ী, শনিবার ওই মাঠেই হেলিকপ্টার অবতরণ করে সেখান থেকে সরাসরি সভামঞ্চে পৌঁছাবেন তিনি।

বিজেপি নেতৃত্বের দাবি, এই সভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের আসা শুরু হয়েছে। উপস্থিত থাকবেন দলের একাধিক প্রার্থী ও শীর্ষ নেতৃত্ব।

বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে।