রমজানে ফলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সিউড়িতে আড়ত ও দোকানে ডিএসপি ডিইবির হানা

Feb 22, 2026 - 14:41
 21
রমজানে ফলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সিউড়িতে আড়ত ও দোকানে ডিএসপি ডিইবির হানা

রমজান মাসে ফলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগে তৎপর হল প্রশাসন। সোমবার সকালে সিউড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন ফলের দোকান ও পাইকারি আড়তে হঠাৎ অভিযান চালান ডিএসপি ডিইবি। অভিযানে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দফতরের আধিকারিকরাও।

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, রমজান শুরু হতেই বিভিন্ন ফলের দাম হু-হু করে বেড়ে গিয়েছে। বিশেষ করে আপেল, কলা, কমলা, খেজুর, আঙুরসহ নিত্যপ্রয়োজনীয় ফলের দামে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে বাজারদর খতিয়ে দেখতে এবং কোথাও কৃত্রিম সঙ্কট বা মজুতদারির মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে কি না, তা যাচাই করতেই এই আকস্মিক পরিদর্শন।

অভিযান চলাকালীন আধিকারিকরা খুচরো ও পাইকারি দামের ফারাক যাচাই করেন। আড়তে কত দামে ফল বিক্রি হচ্ছে এবং খুচরো বাজারে সেই ফল কত দামে বিক্রি করা হচ্ছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। ব্যবসায়ীদের কাছ থেকে কেনাবেচার নথিপত্রও খতিয়ে দেখা হয় বলে সূত্রের খবর।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে। কেউ অতিরিক্ত মুনাফা করতে গিয়ে আইনভঙ্গ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

অভিযানের খবরে বাজারে সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হলেও প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তির নিশ্বাস ফেলেছেন সাধারণ ক্রেতারা।