মালদহে SIR-বিরোধী আন্দোলন ঘিরে ১২ মামলার তদন্তভার নিল NIA, কড়া নিরাপত্তায় আদালতে ধৃতরা
মালদহ: এসআইআর-বিরোধী আন্দোলন ঘিরে মোথাবাড়ির ঘটনাসহ মোট ১২টি মামলার তদন্তভার নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই মামলাগুলিতে গ্রেপ্তার হওয়া ৪১ জন অভিযুক্তকে এদিন এনআইএ-র হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
এরই মধ্যে অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম-সহ ধৃতদের কড়া নিরাপত্তার মধ্যে মালদা জেলা আদালতে আনা হয়। ধৃতদের তালিকায় রয়েছেন মোথাবাড়ি বিধানসভার আইএসএফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরী-ও।
সূত্রের খবর, এনআইএ যে ১২টি মামলার তদন্তভার নিয়েছে, তার মধ্যে ৮টি মোথাবাড়ি থানায় দায়ের হওয়া এবং বাকি ৪টি কালিয়াচক থানার মামলা।
তবে এদিন আদালতে তোলার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে কোনও মন্তব্য করতে চাননি মোফাক্কেরুল ইসলাম।
সব মিলিয়ে, মালদহের এই ঘটনাকে ঘিরে তদন্তে নতুন মোড় এল বলে মনে করছে প্রশাসনিক মহল।