বদলাবেন না, যেমন ছিলেন তেমনই থাকবেন, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়ে বার্তা শ্রেয়সের
ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন একেবারে অধিনায়ক হয়ে। দায়িত্ব পেয়েই শ্রেয়স আয়ার জানালেন, তিনি বদলাবেন না। যেমন ছিলেন তেমনই থাকবেন।রবিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে শ্রেয়স জানিয়েছেন, মুম্বইয়ের কঠিন পরিবেশে ক্রিকেট খেলে যে ভাবে বড় হয়েছেন, সেই মানসিকতাই বজায় রাখতে চান অধিনায়ক হিসাবে। শ্রেয়সের কথায়, “আমাকে নিজের ব্যক্তিত্ব বদলাতে হবে না। আগে যেমন ছিলাম তেমনই থাকব। কারও মতো করে বা কারও ছায়ায় থেকে কোনও কাজ করব না।” শ্রেয়সের সংযোজন, “ছোটবেলা থেকে কঠিন পরিবেশে বড় হয়েছি। মুম্বইয়ের মতো শহরে খেলেছি, যেখানে ক্রিকেটের বিস্তার অনেক বেশি এবং প্রতিদ্বন্দ্বিতাও সাংঘাতিক। রাস্তায় যে কোনও ছেলেমেয়েই মুম্বইয়ের হয়ে ক্রিকেট খেলতে চায়।”
ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন, বরাবর তিনি জিততে চেয়েছেন। যত কঠিন পরিবেশই হোক, জয়ই তাঁর কাছে আসল। শ্রেয়স বলেছেন, “ধারাবাহিক জয়ই হল আমার আসল মানসিকতা। সে যতই কঠিন পরিবেশ হোক না কেন। জেতা বা শেখা পরের কথা। খেলার সঙ্গে সঙ্গে বিষয়টা উপভোগও করতে হবে। নিজের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা থাকতে হবে, সে আপনি ক্রিকেট বা অন্য যে কোনও খেলাই খেলুন না কেন।” শ্রেয়স যোগ করেছেন, “এই মানসিকতা থাকলে আপনি অনেক উঁচুতে উঠবে পারবেন। অধিনায়ক হয়ে আমার কাঁধে ঠিক সেই দায়িত্বটাই থাকবে। তাই আনন্দের পাশাপাশি আমার কাছে বিষয়টা চ্যালেঞ্জের।”