ফেরিওয়ালা সেজে শিশু চুরির চেষ্টা অভিযোগে যুবক আটক, পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

Mar 22, 2026 - 08:41
 13
ফেরিওয়ালা সেজে শিশু চুরির চেষ্টা অভিযোগে যুবক আটক, পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

হলদিয়া, পূর্ব মেদিনীপুর: ফেরিওয়ালা সেজে বাড়িতে ঢুকে শিশু চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় হলদিয়ার ডালিম্বচক গৌরাঙ্গধাম সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজেকে ফেরিওয়ালা পরিচয় দিয়ে মদনমোহন দাসের বাড়িতে প্রবেশ করে। অভিযোগ, বাড়ির লোকের অনুমতি ছাড়াই তিনি ভিতরে ঢুকে পড়েন, যা সন্দেহের উদ্রেক করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন দ্রুত সেখানে জড়ো হন।

এরপর ওই ব্যক্তির কথাবার্তায় অসংগতি লক্ষ্য করে তাঁকে শিশু চুরির সন্দেহে আটক করা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় এবং উত্তেজনা তৈরি হয়।

বাড়ির সদস্য জয়দেব দাস জানান, “আমাদের বাড়িতে দুটি ছোট বাচ্চা আছে। ফেরিওয়ালা সেজে এসে কোনও অনুমতি ছাড়াই বাড়িতে ঢুকে পড়ে ওই ব্যক্তি। সন্দেহ হওয়ায় আমরা তাকে আটকে রেখে পুলিশে খবর দিই।”

ঘটনার খবর পেয়ে ভবানীপুর থানা-র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তির পরিচয়, উদ্দেশ্য এবং আদৌ শিশু চুরির কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে কড়া নজরদারির দাবি জানিয়েছেন।