প্রচারের মাঝেই বিজেপিতে ভাঙন, ৩০ পরিবারসহ মণ্ডল সদস্যের তৃণমূলে যোগ
ঝাড়গ্রামে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়তেই সাঁকরাইল ব্লকে বড়সড় ভাঙনের ছবি সামনে এল। গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত সাঁকরাইলের ধানঘোরী অঞ্চলের কুলডিহা বুথে বিজেপির মণ্ডল কমিটির সদস্য অসিত পাত্র প্রায় ৩০টি পরিবারকে সঙ্গে নিয়ে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
তৃণমূল প্রার্থী অজিত মাহাতো-এর হাত ধরে তাঁদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কমলকান্ত রাউত সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এই দলবদলের ঘটনায় বিজেপি শিবিরে অস্বস্তি বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভোটের মুখে এই ধরনের ভাঙন সংগঠনের উপর প্রভাব ফেলতে পারে বলেও জোর আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও মানুষের আস্থার কারণেই বিরোধী শিবির ছেড়ে সাধারণ মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ।