পুণেতে নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে অভিষেক, দোষীদের শাস্তি ও চাকরির আশ্বাস

Feb 13, 2026 - 16:24
 10
পুণেতে নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে অভিষেক, দোষীদের শাস্তি ও চাকরির আশ্বাস

স্টাফ রিপোর্টার :

পুণেতে নিহত পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তিনি। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের কঠোর শাস্তির দাবিতে সবরকম আইনি সহায়তার আশ্বাস দেন অভিষেক।

নিহত শ্রমিকের পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অভিষেক জানান, রাজ্য সরকার ও দলীয়ভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনিক স্তরেও হস্তক্ষেপ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

জানা গিয়েছে, নিহতের আরও দুই ভাই পুণেতেই কাজ করেন। কিন্তু সাম্প্রতিক এই ঘটনার পর তাঁরা আর ভিনরাজ্যে কাজে ফিরতে চাইছেন না। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরাও। এই পরিস্থিতিতে ওই দুই ভাইয়ের জন্য রাজ্যে চাকরির ব্যবস্থা করার দাবি ওঠে পরিবারের তরফে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তুলে ধরবেন এবং নিহতের দুই ভাইয়ের কর্মসংস্থানের বিষয়টি দেখার আবেদন জানাবেন। পাশাপাশি পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসেছেন।