পানিহাটিতে গভীর রাতে বাড়িতে ঢুকে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার যুবক

Jun 21, 2026 - 14:34
 11
পানিহাটিতে গভীর রাতে বাড়িতে ঢুকে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার যুবক

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে গভীর রাতে বাড়িতে ঢুকে এক মহিলাকে শ্লীলতাহানি এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলা এলাকায়। ঘটনায় ভোলা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে অভিযুক্ত যুবক গোপনে শ্রুতি রায় চক্রবর্তীদের বাড়িতে ঢুকে লুকিয়ে ছিল বলে অভিযোগ। রাত বাড়ার পর শ্রুতির মা রান্নাঘরের দিকে গেলে অন্ধকারে ওই যুবককে দেখতে পান। এরপরই তিনি চিৎকার করে ওঠেন।

অভিযোগ, চিৎকার শুনেই অভিযুক্ত যুবক মা ও মেয়ের উপর চড়াও হয়। শ্রুতি রায় চক্রবর্তীর অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনায় গুরুতর জখম হন শ্রুতি ও তাঁর মা। আহত হয় পরিবারের এক বছরের শিশুও।

চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগ। এরপর উত্তেজিত জনতা তাঁকে মারধর করে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে দাবি, অভিযুক্তের কাছ থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কেন ওই বাড়িতে ঢুকেছিল এবং ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।