পশ্চিম মেদিনীপুরে উপভোক্তা সুরক্ষা দপ্তরের অভিযান, ঘাটাল–দাসপুরে একাধিক দোকানে নোটিশ

Feb 19, 2026 - 10:00
Feb 19, 2026 - 10:02
 21
পশ্চিম মেদিনীপুরে উপভোক্তা সুরক্ষা দপ্তরের অভিযান, ঘাটাল–দাসপুরে একাধিক দোকানে নোটিশ

মেয়াদোত্তীর্ণ পণ্য, এমআরপি লঙ্ঘন ও বাটখারা নবীকরণে গাফিলতি—কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর জেলা:

পশ্চিম মেদিনীপুর জেলা উপভোক্তা সুরক্ষা পরিষদের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তে নজরদারি জোরদার করা হয়েছে। সেই সূত্রেই ঘাটাল ও দাসপুর-এর একাধিক বাজার ও দোকানে যৌথ অভিযান চালায় উপভোক্তা বিষয়ক দপ্তর।

এই অভিযানে অংশ নেয় পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর, লিগ্যাল মেট্রলজি বিভাগ এবং খাদ্য সুরক্ষা দপ্তর। জানা গিয়েছে, মূলত পণ্যের গুণমান পরীক্ষা, মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি বন্ধ রাখা, ওজন মাপার কাটা-বাটখারা নিয়মিত নবীকরণ, এবং এমআরপির বেশি দাম না নেওয়া—এই বিষয়গুলিকে কেন্দ্র করেই তল্লাশি চালানো হয়।

সরকারি নিয়ম অমান্য করার অভিযোগে বেশ কয়েকজন দোকানদারকে নোটিশ দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে খবর। অভিযানের সময় উপস্থিত ছিলেন লিগ্যাল মেট্রলজির ইন্সপেক্টর পুলকেশ দাস, ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক পুলক রায়, ঘাটাল খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসার ডা. লিপি মিদ্দা এবং দাসপুর খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসার শাশ্বতী দে প্রমুখ।

দোকানদারদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে সরকারি নির্দেশিকা অমান্য করলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের এই অভিযানে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করা হচ্ছে।