পশ্চিম মেদিনীপুরের শালবনীতে বিজেপিকে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেসের বাইক র্যালি
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাইক র্যালির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। রবিবার শালবনী ৩ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদী বাইক র্যালি অনুষ্ঠিত হয়।
শালবনী অঞ্চলের মন্ডলকুপি থেকে র্যালিটি শুরু হয় এবং অঞ্চলের বিভিন্ন গ্রাম পরিক্রমা করে। বাইক র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ঘোষ, অঞ্চলের উপপ্রধান সৌমেন ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ব।
এই প্রসঙ্গে সন্দীপ সিংহ বলেন, ব্রিগেড সমাবেশের নামে শনিবার যেভাবে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। পাশাপাশি ব্রিগেডের সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকেও তিনি কটাক্ষ করেন।
তিনি আরও বলেন, ওই ঘটনার তীব্র প্রতিবাদ ও বিজেপি নেতাদের ধিক্কার জানাতেই শালবনী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে। র্যালি থেকে তিনি সর্বস্তরের মানুষকে শান্তি, সম্প্রীতি এবং এলাকার উন্নয়নের ধারা বজায় রাখার আহ্বান জানান।