পশ্চিম বর্ধমান কুলটির করিমডাঙায় দোলের দিন দুই পাড়ার সংঘর্ষ, ইটবৃষ্টি–বোমা ফাটার অভিযোগে
পশ্চিম বর্ধমান: দোলের দিন দুই পাড়ার মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ির করিমডাঙা এলাকা। ঘটনায় ইটবৃষ্টির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় বোমাও ফাটানো হয়েছে।
এলাকাবাসীদের দাবি, দোল খেলে স্নান করতে যাচ্ছিল বেশ কয়েকজন যুবক। তাদের হাতে লাঠি ছিল এবং তারা অশ্রাব্য ভাষা ব্যবহার করছিল বলে অভিযোগ। সেই আচরণের প্রতিবাদ করতেই শুরু হয় বচসা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ইটবৃষ্টি ও হাতাহাতির ঘটনা ঘটে। ছোড়া ইট অনেক বাড়িতে গিয়ে পড়ে বলে অভিযোগ। এতে কয়েকজন আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছে এলাকার এক তৃণমূল নেতা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেন। যদিও বিজেপি নেতার পাল্টা দাবি, অন্যায় যদি কেউ করে থাকে তাহলে পুলিশ তদন্ত করুক। এতে রাজনীতির কোনও বিষয় নেই এবং তৃণমূল যেন এই ঘটনাকে রাজনৈতিক রঙ না দেয়, নাহলে বড় রাজনীতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীও ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে খবর।