পশ্চিম বর্ধমানের আসানসোলে গ্যাস সঙ্কটের অভিযোগে মহিলা কংগ্রেসের বিক্ষোভ
পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলে গ্যাসের ঘাটতির অভিযোগে বিক্ষোভে নামল মহিলা কংগ্রেস। ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাতের জেরে দেশে গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে বলে অভিযোগ তুলে সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে গ্যাসের ঘাটতির কারণে বিভিন্ন গ্যাস এজেন্সির কার্যালয়ের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদেই মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ সভার আয়োজন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত মহিলা কংগ্রেস কর্মীরা রাস্তায় উনুন জ্বালিয়ে রান্না করে প্রতিবাদ জানান। এই কর্মসূচিতে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুণ্ডি, শাহ আলম, কংগ্রেস কাউন্সিলর এস এম মোস্তফা সহ বহু কংগ্রেস কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুণ্ডি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেকে ‘বিশ্বগুরু’ বলে দাবি করলেও তাঁর আমলেই দেশে গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে, যার ফলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন। তাঁর অভিযোগ, সরকার এই সমস্যার সমাধানে তেমন কোনও পদক্ষেপ নিচ্ছে না।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের এই দুর্ভোগের বিরুদ্ধে কংগ্রেস প্রতিবাদ চালিয়ে যাবে এবং মানুষের স্বার্থে আন্দোলন জারি থাকবে।