নদীতে দৈত্য! কুল্পীর জালে ২ কুইন্টালের সংকর মাছ, চোখ কপালে এলাকাবাসীর

Apr 14, 2026 - 15:36
 26
নদীতে দৈত্য! কুল্পীর জালে ২ কুইন্টালের সংকর মাছ, চোখ কপালে এলাকাবাসীর

দক্ষিণ ২৪ পরগনার কুল্পী এলাকার নদীতে এক বিরল ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। কুল্পীর মসামারীর ঘাটে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল মোট পাঁচটি বিশাল আকৃতির সংকর প্রজাতির মাছ। এর মধ্যে একটি মাছের ওজন প্রায় ২ কুইন্টালের কাছাকাছি বলে জানা গেছে, যা দেখে রীতিমতো হতবাক স্থানীয় বাসিন্দারা।

মৎস্যজীবীদের কথায়, প্রতিদিনের মতোই তারা নদীতে জাল ফেলতে গিয়েছিলেন। কিন্তু জাল টানতে গিয়ে হঠাৎই টের পান অস্বাভাবিক ভার। অনেক কষ্টে জাল টেনে তুলতেই চোখে পড়ে একাধিক বড় আকারের মাছ। পরে দেখা যায়, মোট পাঁচটি সংকর মাছ জালে উঠেছে, যার মধ্যে সবচেয়ে বড় মাছটির ওজন প্রায় ২০০ কেজির কাছাকাছি।

এই বিরল প্রজাতির মাছ দেখতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন কৌতূহলী মানুষজন। অনেকেই এমন বিশাল আকৃতির সংকর মাছ আগে কখনও দেখেননি বলে জানান। স্থানীয়দের মতে, নদীতে পরিবেশগত পরিবর্তন ও জলবায়ুর প্রভাবেই এ ধরনের সংকর প্রজাতির মাছের দেখা মিলতে পারে।

মৎস্যজীবীরা জানিয়েছেন, ধরা পড়া মাছগুলি বিক্রির জন্য ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এই মাছগুলির ভালো দাম মিলতে পারে বলেই আশা করছেন তাঁরা। বিশেষ করে বড় মাছটির বাজারমূল্য কয়েক লক্ষ টাকায় পৌঁছতে পারে বলে অনুমান।

এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি, বিশেষজ্ঞদের মতে, নদীর বাস্তুতন্ত্রে পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে এই ধরনের সংকর মাছের উপস্থিতি।